
জাতীয় বিশ্ববিদ্যালয়, জুন ৫, ২০২৬ : উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচি পরিবর্তনসহ নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। প্রফেসর আমানুল্লাহ জানান, দেশের ৬৪টি জেলার ৫০০টি উপজেলায় বিস্তৃত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২,২৮৪টি। এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিতে বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যব¯’াকে আরও দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যা বর্তমান সরকারের যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি বিস্তার এবং উচ্চশিক্ষা সংস্কারবিষয়ক অগ্রাধিকার বাস্তবায়নে সহায়ক হবে।