
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে সম্প্রতি ‘ফ্রেশার্স ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়। রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহিদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটির ১৫টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট ৯৫৫ জন শিক্ষার্থী এমআইএসটিতে ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে এমআইএসটির একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি