ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

৪০ মিনিটের বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ছুটির দিনে দুর্ভোগ

৪০ মিনিটের বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ছুটির দিনে দুর্ভোগ

মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম নগরীজুড়ে। সকালের এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ছুটির দিনেও জরুরি কাজে বের হওয়া মানুষ ও শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট স্থায়ী এ বৃষ্টিতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকাগুলো তলিয়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এরপরই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের এলাকায় হাঁটু পানি আবার কোথাও কোথাও কোমর সমান পানি জমে।

সরেজমিন দেখা যায়, ভারী বৃষ্টিতে চকবাজার ও কাতালগঞ্জ এলাকার বেশ কয়েকটি সড়ক দ্রুত পানিতে তলিয়ে যায়। জমে থাকা পানির কারণে অনেক যানবাহন মাঝপথে আটকে পড়ে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে, পোহাতে হচ্ছে ভোগান্তিও। পথচারীদের অনেককে দেখা গেছে হাঁটু পানি মাড়িয়ে চলাচল করতে। কাতালগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা মাসুদ ফরহান বলেন, বছরের পর বছর তাদের জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। একের পর এক উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।

রিকশাচালক ফয়েস আহমেদ বলেন, জলাবদ্ধতার কারণে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের আয়-রোজগারও কম হচ্ছে। চট্টগ্রামের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চাকরিজীবী মো. নাইম বলেন, রাস্তায় পানি জমায় যানবাহন পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে চলাচল করছি। এ সুযোগে অনেক যানবাহনের চালক অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন।

তবে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার অন্যতম কেন্দ্র প্রবর্তক মোড়ে এবার তুলনামূলক কম পানি জমতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় হিজড়া খালে চলমান কাজের কারণে সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত