ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামের বাসিন্দা মিলন হাওলাদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, গত ৩০ মে কোরবানির ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই বছর বয়সি সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মিলন হাওলাদার। এ সময় পরিবারের কয়েকজন শিশুকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী লক্ষ্মীপুর গ্রামের আবু তাহের, রোমানসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে মিলনের বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন বক্তারা। গুরুতর আহত অবস্থায় মিলনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জুন তিনি মারা যান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসায় ৩৫ লাখ টাকার বেশি ব্যয় করে পরিবারটি সর্বস্বান্ত হলেও এখন পর্যন্ত হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বলেও দাবি করেন তারা। তারা অবিলম্বে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার, দ্রুত বিচার সম্পন্ন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, মিলন হত্যার ফাঁসি চাইসহ’ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত