
সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ও ছনহারা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত মানুষের দুর্ভোগ লাঘবে দুর্যোগের শুরু থেকেই পটিয়া উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা জনসচেতনতামূলক কার্যক্রম, উদ্ধার তৎপরতায় সহায়তা, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা, সাহসিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বড়লিয়া ও ছনহারা ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, আলু, পেঁয়াজ ও দিয়াশলাই। এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি