ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ৩৮ কোটি টাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স চালু

রংপুরে ৩৮ কোটি টাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স চালু

নির্মাণের আড়াই বছর পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের। স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে কমপ্লেক্সটির কার্যক্রম শুরু হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা যায়, রংপুর বিভাগের আট জেলার নারীদের খেলাধুলার প্রসার, উন্নয়ন ও বিকাশে ২০১৭ সালে নগরীর উত্তম এলাকায় ১০ একর জমির ওপর এই ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণকাজ শেষে ২০২৩ সালের ২ আগস্ট কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর আড়াই বছর ধরে সেখানে খেলাধুলা, প্রশিক্ষণ বা অন্য কোনো আনুষ্ঠানিক কার্যক্রম হয়নি।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটসহ নানা কারণে গত আড়াই বছরে মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এবার বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে যাতে অর্থের অভাবে কমপ্লেক্সটি বন্ধ না থাকে, সে জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে এটি চালু রাখার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, ‘আগামী দিনে শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করে ভালোভাবে পড়াশোনা করিয়ে সমাজের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যেই এই কমপ্লেক্সের যাত্রা শুরু হয়েছে। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।’ এর আগে গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

দীর্ঘদিন পর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রশিক্ষণের সুযোগ পেয়ে শিক্ষার্থীরাও খুশি। তারা চান, নিয়মিত খেলাধুলা ও প্রশিক্ষণের মাধ্যমে কমপ্লেক্সটির কার্যক্রম চলমান থাকুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত