ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

রাজশাহীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নামে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা শ্বশুর-পুত্রবধূ। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। তার শ্বশুর শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনরা জানান, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। ভ্যানের বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। গতকাল দুপুরে তানিয়া বেগম ভেজা কাপড় ওই দড়িতে শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

পরে পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান শ্বশুর শমসের আলী। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত