
বগুড়ায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অপহৃত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা। গত বৃহস্পতিবার রাতে শহরের পুরান বগুড়া এলাকার শেরেবাংলা নগরের একটি দোতলা বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. সজীব আহম্মেদ, শিবগঞ্জের কামতারা পশ্চিমপাড়া এলাকার মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে মো. লজিম প্রামাণিক এবং মালগ্রাম উত্তরপাড়া এলাকার মো. মামুন শেখের ছেলে মো. সোহান শেখ। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গত বুধবার রাতে সিএনজিচালক রফিকুল ইসলামকে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে শহরের পুরান বগুড়ার একটি বাসায় আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়। দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে রফিকুলকে বিবস্ত্র করা হয় এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এরপর রফিকুলের স্ত্রী হাজেরা বেগমের ফোনে কল দিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় অপহরণকারীরা। রফিকুলকে আদালতের মাধ্যমে চালান করে দেওয়ার ভয় দেখিয়ে ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনরা টাকা দিতে না চাইলে ফোনে রফিকুলের কান্নাকাটি ও চিৎকার শোনানো হয়।