
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি, অর্থ আদায় ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। গত শনিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় কয়েকজন বাসিন্দা এসব অভিযোগ করেন।
তবে গত রোববার দুপুরে অভিযোগ অস্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আফজাল হোসাইন বলেন, কাউকে বিনা কারণে মামলার আসামি করা হয়নি। নাদিম নামের একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলেই মামলা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আগৌলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর হাওলাদার অভিযোগ করেন, মোল্লাপাড়া গ্রামে প্রায়ই সাদা পোশাকে অভিযান চালিয়ে সচ্ছল পরিবারের উঠতি বয়সি তরুণদের আটক করা হয়। পরে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়। দাবিকৃত অর্থ দিতে না পারলে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
জাফর হাওলাদার বলেন , গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে থেকে তার ছেলে নাদিম, প্রতিবেশী সাব্বির ও সোহাগকে ডিবির এএসআই রাজিব পাল, এসআই আফজাল হোসাইনসহ কয়েকজন আটক করেন। পরে সাব্বির ও সোহাগের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলেও নাদিমকে ১০১ পিস ইয়াবাসহ আটকের অভিযোগে গৌরনদী থানায় মামলা দেওয়া হয়। তিনি দাবি করেন, মামলার এজাহারে দেখানো ঘটনাস্থলের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই এবং সাক্ষী হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে, তারাও ঘটনার বিষয়ে অবগত নন। সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার এক নম্বর সাক্ষী লালমিয়া হাওলাদার বলেন, তিনি ঘটনার বিষয়ে কিছুই জানেন না।
অন্যদিকে ডিবির এএসআই রাজিব পালের সোর্স হিসেবে পরিচিত নয়ন ঢালী বলেন, ওই রাতে তিনি ঘটনাস্থলে ছিলেন এবং আটক তিনজনের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। নাদিমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন। বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখারও আশ্বাস দেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগের তদন্ত, নাদিমের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনর্বিবেচনা এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।