ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় ডেঙ্গু মোকাবিলায় নগর ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

খুলনায় ডেঙ্গু মোকাবিলায় নগর ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

খুলনায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আক্রান্ত রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহ ও জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছে মহানগর ছাত্রদল| নগরীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার শুরু করেছে সংগঠনটি|

গতকাল রোববার বেলা ১১টায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়| একই সময়ে খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, এম এম সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও হাজী মোহাম্মদ মহসিন কলেজেও কর্মসূচি অনুষ্ঠিত হয়|

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা কর্মসূচির উদ্বোধন করেন| তিনি বলেন, গত দুই মাস ধরে খুলনা মহানগর ও জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে| সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ রয়েছে| এ অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করতে ছাত্রদলের এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে|

শফিকুল আলম মনা আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে| এ কারণে নগরীর সাতটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদাতার তালিকা তৈরি ও ব্লাড ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে| মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব হাবিবুর রহমান বিপ্লব| বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন|

অনুষ্ঠানে সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক এফ এম আব্দুর রাজ্জাক ও শিক্ষক পরিষদের সম্পাদক ভূঁইয়া এমদাদুল হক উপস্থিত ছিলেন| এ ছাড়া ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আল আমিন, সদস্যসচিব ডা. এস এম কামরান হোসেন ও ডা. সুদীপ্ত কুমার পালসহ চিকিৎসক এবং বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত