
সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুরের নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। তিনি বলেন, মাদক বা অপরাধ দমনে পুলিশের যথাযথ পদক্ষেপের পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় গাজীপুর সদরসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন। পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। শিল্প ও জনবহুল জেলা হিসেবে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে পুলিশের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।