
বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর বান্দ রোডের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে কয়েকজন সড়কে মিছিল করেন।
ব্যানারে লেখা ছিল, 'দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন'। এ সময় 'ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে'সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
আওয়ামী লীগের মিছিলকারীদের গণধোলাই, ভিডিও ভাইরাল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিল থেকে পাঁচজনকে আটক করে। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
আটকদের রাজনৈতিক পরিচয় ও মিছিলে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি ছিল।