
উত্তরাঞ্চলে একটি বিশেষ কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার রিভলভিং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশ নিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষিপণ্যের সাপ্লাই চেইন শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা দেওয়া হবে। ফলে এই অঞ্চলের কৃষিকে কেন্দ্র করে অর্থনৈতিক সমৃদ্ধি করা সম্ভব হবে। এখন থেকে কৃষকরা এই স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদহারে অর্থায়ন নিতে পারবেন। উৎপাদন থেকে শুরু করে গ্রাহকদের হাতে পৌঁছানো পর্যন্ত কৃষির পুরো যাত্রাপথকে আরও সহজ করতে স্কিমের আওতায় চারটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অর্থায়ন করা হবে। পর্যায়গুলো হলো- উৎপাদন ও সংরক্ষণ; পরিবহন, বিপণন ও অবকাঠামো নির্মাণ; কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি