
আন্তর্জাতিক বিজ্ঞাপন অঙ্গনে বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডে দুটি সিলভার অ্যাওয়ার্ড জিতেছে স্টারকম বাংলাদেশ। স্যামসাংয়ের জন্য তৈরি 'অ্যান অ্যাড দ্যাট ইরেজেস অ্যাডস' ক্যাম্পেইনের জন্য এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি যে দুটি বিভাগে অংশ নিয়েছিল, দু'টিতেই সিলভার জিতেছে স্টারকম বাংলাদেশ। এবারের আয়োজনে ওই দুই বিভাগে সিলভারই ছিল সর্বোচ্চ পুরস্কার। স্যামসাংয়ের মিড-রেঞ্জ সিরিজ স্মার্টফোনে থাকা এআই ফিচার অবজেক্ট ইরেজার মানুষের কাছে সহজভাবে তুলে ধরাই ছিল এ ক্যাম্পেইনের লক্ষ্য। তবে ফিচারটি বোঝাতে গতানুগতিক বিজ্ঞাপনের পথ নেয়নি স্টারকম বাংলাদেশ। বরং এমন একটি বিজ্ঞাপন তৈরি করা হয়, যা নিজেই দেখিয়ে দেয় অবজেক্ট ইরেজার কীভাবে কাজ করে।
ক্যাম্পেইনের ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীরা চাইলে চিহ্নিত করে মুছে ফেলতে পারতেন। স্যামসাং এর অবজেক্ট ইরেজার যেমন ছবির অপ্রয়োজনীয় কোনো বস্তু সরিয়ে দেয়, এ ক্যাম্পেইনেও একইভাবে বিজ্ঞাপন মুছে ফেলার সুযোগ রাখা হয়। ফলে ফিচারটি কীভাবে কাজ করে, তা আলাদা করে বোঝানোর বদলে ব্যবহারকারীরা নিজেরাই সেটি করে দেখতে পারতেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি