
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এমন এক নগরী যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহুদিন ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখেছে। এই ঐতিহ্যকে নষ্ট করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে হবে। কারো উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা। সব ধর্মের মানুষের জন্য সাম্য নিশ্চিত করতে হবে, সবাইকে নিয়ে গড়তে হবে সেফ সিটি। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্থাপনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী মহা মহোৎসবের তৃতীয় দিনে আয়োজিত আলোচনা সভা ও মহামঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সবসময় ঐক্যের পক্ষে। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমানে বিএনপি সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকায় রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে সব ধর্মের মানুষ তার ধর্মীয় অধিকার উপভোগ করতে পারে। সরকারও চেষ্টা করছে সকলের সমান অধিকার নিশ্চিত করতে।
মেয়র বলেন, আমি মেয়র হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। এবারের আয়োজনও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমি মনে করি। সিটি কর্পোরেশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাই, শৃঙ্খলা বজায় রাখুন, একে অপরকে সহযোগিতা করুন এবং উৎসবের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখুন। এতে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বর্তমান বিএনপি সরকার ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। 'সবার আগে বাংলাদেশ' এই চেতনাকে ধারণ করে দেশের স্বার্থ ও মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ এই দেশের সমান নাগরিক, তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।