ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রামেবি'র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক

রামেবি'র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চলমান স্থাপন প্রকল্পের অগ্রগতি ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের আহ্বায়ক ও রামেবি'র সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ সময় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফও সঙ্গে ছিলেন। আজ শুক্রবার দুপুরে তারা এ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।

প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থাপন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে চলমান কার্যক্রমের গতি ও মানে তারা গভীর সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, স্বাস্থ্যশিক্ষার বৈশ্বিক মানদণ্ড ও ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে প্রকল্পটিকে আরও আধুনিক, যুগোপযোগী এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে বাস্তবায়ন করার জন্য তারা বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

প্রকল্প পরিদর্শনের পর চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ রামেবির দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন।

পরবর্তীতে, দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের মান আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র কিভাবে প্রসারিত করা যায়, সেই বিষয়ে তিনি রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে এক ফলপ্রসূ মতবিনিময় সভায় মিলিত হন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিদ ও একাডেমিশিয়ানদের এই পরিদর্শন ও মতবিনিময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করবে।

পরিদর্শন শেষে তারা প্রকল্পের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি প্রশাসনিক মানোন্নয়নে পারস্পরিক মতবিনিময় করেন। আরও উপস্থিত ছিলেন, রামেবির উপ-রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নজিবুর রহমানসহ রামেবি স্থাপন প্রকল্পের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত