
হাসানুর রহমান
রংপুরের পীরগাছায় ছেলে হাসানুর রহমানের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। মাহাবুর হোসেন মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ছেলে হাসানুর রহমানের সঙ্গে তার শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো ছিল না। বিকালের দিকে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসে এবং মীমাংসার জন্য বসে। বৈঠকে হাসানুর শাশুড়িকে অসম্মান করেন। যা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে শাশুড়ির সামনেই ছেলে হাসানুরকে একটা থাপ্পড় দেয় তার বাবা। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে হাসানুর পাশে থাকা একটি ছুরি দিয়ে তার বাবার বুকে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পীরগাছা থানা পুলিশের ওসি সেলিম মালিক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ দোষী হলে তার ছাড় নেই। একই সঙ্গে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।