
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ('ক্লিনিং ডে') পরিচালিত হয়েছে। ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ নেতৃত্বে অঞ্চলভিত্তিক এই অভিযান পরিচালিত হয়। গতকাল সকালে রাজধানীর মতিঝিলস্থ এজিবি কলোনি এলাকায় 'ক্লিনিং ডে' কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সিটি কর্পোরেশন সপ্তাহে ৭ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে, আর নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি