
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করে খালি করা জায়গায় আগামী এক মাসের মধ্যে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে সরকারি জায়গাটি দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। জায়গাটি ওই এলাকায় মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর এখন সেখানে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে।
জায়গা পর্যাপ্ত থাকলে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। গতকাল রাজধানীর ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, উচ্ছেদ করা জায়গাটিকে আর কোনোভাবেই অবৈধ দখল বা মাদকের আড্ডায় পরিণত হতে দেওয়া হবে না। আগামী এক মাসের মধ্যে সেখানে নতুন খেলার মাঠ নির্মাণ করে নিজেই এর উদ্বোধন করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, 'মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো চাইলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে অনেক অসম্ভব কাজও করা সম্ভব।' এসময় এলাকার তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দাদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতার জন্য ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রশাসক বলেন, বর্তমানে এ ওয়ার্ডে ১১ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এ ওয়ার্ডে মোট ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক উচ্ছেদকৃত স্থানে বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।