ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রামেবির ভিসির কক্ষের তালা খুলে দিল প্রশাসন

রামেবির ভিসির কক্ষের তালা খুলে দিল প্রশাসন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের কক্ষের তালা খুলে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের উপস্থিতিতে কক্ষের তালা খুলে দেওয়া হয়। পরে মামলার তদন্তের অংশ হিসেবে সেখানে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তার উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন প্রমুখ। তালা খোলার পর মামলার তদন্তকারী কর্মকর্তা উপাচার্যের কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহমদ আরিফ হোসেন বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের রুমে তালা দেওয়া ছিল। আমরা মূলত যেটি করেছি-বহিরাগতভাবে তালাটি দেওয়া হয়েছিল, তারাই মূলত তালাটি ভেঙেছেন। তালাটি ভাঙার ক্ষেত্রে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি না হয় সেক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি। যেহেতু বহিরাগত কেউ এসে তালাটা দিয়েছে। উনার (ভিসি) কাছে রুমটা হস্তান্তর করা হয়।

এ ঘটনায় রাজশাহী উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ একজন রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিসির কক্ষের তলা খোলা হয়। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত