
ঢাকার দুটি দুর্গাপূজা মণ্ডপে বাংলাকিউআর (Bangla QR) চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে পূজামণ্ডপ প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন দোকান থেকে পণ্যসামগ্রী কেনাকাটায় দর্শনার্থীরা সহজেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বনানী ও বাসাবোর দুর্গাপূজা মণ্ডপে বাংলাকিউআর চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে দর্শনার্থীরা শুধু নগদ টাকার ওপর নির্ভর না করেই দোকানগুলো থেকে পণ্যসামগ্রী কিনতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বনানী খেলার মাঠের দুর্গাপূজা মণ্ডপে বাংলাকিউআরের মাধ্যমে লেনদেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের 'ক্যাশলেস বাংলাদেশ' উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল পেমেন্ট গ্রহণের পরিধি বাড়ানো এবং দেশজুড়ে নগদবিহীন লেনদেনের প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এরইমধ্যে ৭২ হাজার মার্চেন্ট পয়েন্টে বাংলাকিউআর চালু করেছে। এর ফলে ব্যাংকটির মার্চেন্ট নেটওয়ার্কজুড়ে সহজ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্টের সুযোগ সম্প্রসারিত হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি