ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্লাস্টিক বর্জ্যে মিলবে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ

প্লাস্টিক বর্জ্যে মিলবে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ

প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনা মূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরে দেখার সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা। পরিবেশ রক্ষায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নেওয়া এ উদ্যোগের আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে জমা দিতে হচ্ছে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য। এদিকে, শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা এসব বর্জ্য পুনর্ব্যবহারের জন্য হস্তান্তরের কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুরুতে পরিবেশ সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।

সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে জেলা প্রশাসনের সমঝোতা স্মারকও সই হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করতেই প্লাস্টিক বর্জ্য জমা দেওয়ার বিনিময়ে চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য ৭০ টাকা। এ উদ্যোগের মাধ্যমে একদিকে শিশুরা প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে পরিচিত হবে, অন্যদিকে প্লাস্টিক বর্জ্যও পুনর্ব্যবহারের আওতায় আসবে। চিড়িয়াখানায় জেব্রা ও কুমির আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। শিশুদের মুঠোফোনের পর্দায় আটকে না থেকে প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ড. শাহাদাত হোসেন। তিনি বলেন, একক কোনো সংস্থার পক্ষে পুরো নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফয়েস লেক সংলগ্ন চিড়িয়াখানা, পাহাড়ি ছড়া ও প্রাকৃতিক জলাধার দূষণমুক্ত রাখার ওপর গুরুত্ব দেন শাহাদাত হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত