
বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়াতে ভ্যালু চেইনভিত্তিক নতুন অর্থায়ন মডেল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। এ উদ্যোগের মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এবং রপ্তানিকারকদের আন্তর্জাতিক মানদণ্ড পরিপালন, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে। সুইজারল্যান্ডভিত্তিক স্বাধীন উন্নয়ন সংস্থা সুইসকন্ট্যাক্টের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বেসরকারি খাতের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংস্থাটি টেকসই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নে কাজ করে। বাংলাদেশের সবজি খাতে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড পরিপালন জোরদার এবং রপ্তানি সক্ষমতা বাড়ানো এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রস্তাবিত অর্থায়ন মডেলে কৃষিপণ্যের উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, পণ্যের উৎস ও সরবরাহপথ শনাক্তকরণ, বাজারে প্রবেশাধিকার এবং প্রাতিষ্ঠানিক অর্থায়নকে একটি সমন্বিত ভ্যালু চেইন কাঠামোর আওতায় আনা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি