ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাইড্রোলিক হর্ন বিকন লাইট বন্ধে ডিএমপির আল্টিমেটাম

হাইড্রোলিক হর্ন বিকন লাইট বন্ধে ডিএমপির আল্টিমেটাম

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার বন্ধে কঠোর বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম সংযোজন ও ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে অনুমোদনহীন হর্ন ও বিকন লাইট সরিয়ে নিতে মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে। এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব অনুমোদিত সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত