ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রাণীর সুরক্ষায় করণীয়

আবু তাকরিম
প্রাণীর সুরক্ষায় করণীয়

ইসলাম প্রাণিজগতকে প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে। কোরআনের বিভিন্ন আয়াতে প্রাণিজগতের প্রসঙ্গ এসেছে। বিভিন্ন প্রাণীর নামে অনেক সুরার নামকরণও করা হয়েছে। আল্লাহ বলেন, ‘প্রাণিকুল সৃষ্টির (অন্যতম) কারণ হলো, এগুলোতে তোমরা আরোহণ করে থাক, আর এগুলো সৌন্দর্যের প্রতীক।’ (সুরা নাহল : ৮)। প্রাণিজগতকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে বলা হয়েছে, ‘পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।’ (সুরা আনআম : ৩৮)। ইসলামে পশুপাখির অঙ্গহানি করা নিষিদ্ধ। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত; রাসুলুল্লাহ (সা.) ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যে প্রাণিদের অঙ্গচ্ছেদ করে। (বোখারি : ৫১৯৫)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘এসব বাক-শক্তিহীন প্রাণির ব্যাপারে আল্লাহকে ভয় কর। সুস্থ অবস্থায় এগুলোতে আরোহণ কর, সুস্থ অবস্থায় আহার কর।’ (সুনানে আবি দাউদ : ২৫৪৮)। অহেতুক পশুপাখির পেছনে লেগে থাকা, অযথা শিকার করা ইসলামে নিন্দনীয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু বানিও না।’ (মুসলিম : ১৯৫৭)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত