
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর গতকালই দিল্লি যান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের তথ্য দিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কয়েকটি ছবিও পাঠিয়েছে হাই কমিশন।
সোমবার(১০ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর বিকালে দিল্লির পথ ধরেন দীনেশ ত্রিবেদী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে সেসবের সমাধান দরকার।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচানোর জন্য পোড় খাওয়া রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জুলাই মাসে দিল্লিতে বিমসটেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম।
সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসাবে ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসাও চালু করেছে ভারত।
দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ৫ অগাস্ট নয়া দিল্লিতে এক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ায় ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
তারপর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।
আবা/এসআর/২৬