
পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘ প্রায় সাত দশক ধরে দেশের ব্যাংকিং খাতে আস্থা, সেবা ও নৈতিকতার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের তথ্য সুরক্ষা, নৈতিক ব্যাংকিং চর্চা এবং আন্তর্জাতিক মানদ- অনুসরণে পূবালী ব্যাংক পিএলসি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI-DSS) সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে ব্যাংকটি তার কার্ডভিত্তিক ও ডিজিটাল লেনদেন সেবায় সর্বোচ্চ নিরাপত্তা ও আস্থার প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণে পূবালী ব্যাংক পিএলসি ২০২২ সালের মাঝামাঝি সময়ে PCI-DSS কমপ্লায়েন্স কার্যক্রম শুরু করে। এই দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়ায় প্রযুক্তিগত ঘাটতি চিহ্নিতকরণ, সিস্টেম ও নিরাপত্তা অবকাঠামো আধুনিকায়ন, PCI-DSS ভার্সন আপগ্রেডসহ বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করা হয়। ধারাবাহিক প্রচেষ্টা, কার্যকর সমন্বয় এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি সব নির্ধারিত শর্ত পূরণ করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রথমবারের মতো PCI-DSS সার্টিফিকেশন অর্জন করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি