ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরা ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক

উত্তরা ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক

ঋণ অনিয়মের কারণে সংকটে পড়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশের বিধান থাকলেও উত্তরা ফাইন্যান্স ২০১৯ সালের পর থেকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। তবে, গত বছরের ৬ অক্টোবর কোম্পানির নিরীক্ষক ২০২০ সালের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সুদ বাবদ লোকসান হয়েছে ৬১ কোটি ১৮ লাখ টাকা। আর ওই বছরে পরিচালন লোকসান হয়েছে ১০৮ কোটি ৩২ লাখ টাকা। সব ব্যয় বহন শেষে কর পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ৪৩৫ কোটি ৫৪ লাখ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত