
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান করবে। উদ্যোগটি বাস্তবায়নের জন্য ইবিএল-এর কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ এবং সিএসআর ডেস্কের প্রধান জিয়াউল করিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো. আলতাফ আলী, পিএসসির হাতে একটি চেক তুলে দেন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিফ অব আর্মি স্টাফের দিকনির্দেশনায় পরিচালিত অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান প্রয়াস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে ইনক্লুসিভ অ্যান্ড ইক্যুইটেবল কোয়ালিটি এডুকেশন (IEQE), স্কিল-বেসড ট্রেনিং (SBT), এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজ (ECA), থেরাপি সেবা এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি। অনুষ্ঠানে জিয়াউল করিম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ থেরাপি, কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে তাদের সমাজের সক্রিয় সদস্য হিসেবে গড়ে তুলতে প্রয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এ জাতীয় শিশুদের অভিভাবকদের দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলায়ও সহায়তা করছে। এ মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি