
জেলায় পেঁপে চাষ করে কৃষিতে সফল হয়েছেন মাত্র ২২ বছরের যুবক রেম্রাচাই মারমা। তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির মানিকছর দূরছড়ি গ্রাম। রেম্রাচাই মারমাকে অনুসরণ করে ঐ গ্রামের সবাই এখন পেঁপে চাষি। সেই সঙ্গে দারিদ্রতা বিতাড়িত করে এখন স্বাবলম্বী ঐ গ্রামের প্রায় ৫০টি পরিবার। জেলার মানিকছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্গম দূরছড়ি গ্রাম। এ গ্রামে প্রায় ৬০টি পরিবারের বসবাস। আজ থেকে ৫ বছর আগে এ গ্রামের বাসিন্দাদের জীবন ছিল অভাব-অনটনে। কিন্তু রেম্রাচাই মারমার কারণে পুরো গ্রামবাসী এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। রেম্রাচাই মারমা ২০২১ সালে স্কুলে পড়া অবস্থায় কৃষির প্রতি ঝোঁক ছিল। সে সময় তার ২০০ পেঁপে গাছের বাগান ছিল। রেম্রাচাই মারমা জানান, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষা জীবন বাদ দিয়ে পুরোদমে কৃষিতে নেমে পড়েন। পর্যাক্রমে বর্তমানে তার ১০ একর জমিতে ৩ হাজার পেঁপের গাছ রয়েছে। এ বছর তিনি ২০ লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। গাছে আরও প্রায় ৫ লাখ টাকা পেঁপে ঝুলছে। সামনে আরও ৩ হাজার পেঁপে গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে তার।