
চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। জব্দ করা জালের মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। গত রোববার কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার একটি গোডাউন ও আশপাশে এ অভিযান চালানো হয়। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘সি হার্ট’ নামে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ট্রাক থেকেও অবৈধ জাল জব্দ করা হয়। সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।