
সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হলো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের চতুর্থ আসর। এবার ১৯টি ক্যাটাগরিতে ৫৯টি টেকসই উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৩৪টি উদ্যোগ বিজয়ী এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করে। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এ সম্মাননার লক্ষ্য হলো জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশে অসামান্য অবদান রাখা বেসরকারি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি জানানো। এর আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ।
এ বছর সম্মাননাটির জন্য ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। ১৯টি ক্যাটাগরিতে প্রদত্ত এ সম্মাননা জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সম্পূর্ণ পরিধি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলোর প্রাসঙ্গিকতাকে ধারণ করে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, আমরা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ব্র্যান্ডগুলোকে প্রতিশ্রুতির বাইরে গিয়ে উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দিতে হবে।