ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কবিরহাটে জমি নিয়ে প্রতারণার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

কবিরহাটে জমি নিয়ে প্রতারণার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

নোয়াখালীর কবিরহাট উপজেলার আব্দুল্লাহ মিয়ার হাট এলাকায় ১২ শতাংশ বসতভিটার জমি কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন গার্মেন্টস শ্রমিক ও রিকশাচালকের স্ত্রী তাজনাহার। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনলেও নির্ধারিত জমি বুঝে না পেয়ে তিনি ও তার পরিবার চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় আড়াই বছর আগে দলিল লেখক মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম সোহেল মেম্বার ও সিরাজের মাধ্যমে জমি ক্রয় করেন তাজনাহার।

দলিল, রেজিস্ট্রি, নামজারিসহ বিভিন্ন খাতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হলেও পরে তিনি জানতে পারেন, তাকে যে জমি দেখানো হয়েছিল, রেজিস্ট্রিতে সেই জমি দেওয়া হয়নি।

তাজনাহারের অভিযোগ, গত ১৪ জুলাই অন্যত্র জমি বিক্রি করে বিষয়টির সমাধানের আশ্বাস দিয়ে তাকে রেজিস্ট্রি অফিসে নেওয়া হয়। সেখানে সম্পূর্ণ টাকা ফেরত না দিয়ে অন্য স্থানের জমি জোরপূর্বক রেজিস্ট্রি করানোর চেষ্টা করা হয়। সম্পূর্ণ টাকা না পেলে রেজিস্ট্রি করবেন না বলে জানালে ক্ষিপ্ত হয়ে তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে ভয়ভীতি দেখানো হয় এবং একাধিক স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।

পরে স্থানীয় মেম্বার সুমন ও স্বজনদের হস্তক্ষেপে এবং কবিরহাট থানা পুলিশের সহযোগিতায় তাজনাহারকে সেখান থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তাজনাহার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ভুক্তভোগী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমির সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া ও এসআই সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় কেন অভিযোগ করতে থানায় আসেননি এবং অভিযোগ করতে দেরি হয়েছে—এমন বিষয় উল্লেখ করেন তারা। এ সময় ক্ষতিগ্রস্তরা আইনের সহায়তা পাবেন কি না জানতে চাইলে এসআই সফিকুল ইসলাম এর কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

তবে এ ঘটনায় ওসি রোমেল বড়ুয়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি এসআইকে উদ্দেশ করে বলেন, “সফিকুল নানা রকম কথা বলে সমস্যা দেখিয়ে আমি ক্যামেরায় কথা বলব না। বেশি প্রয়োজন হলে আমাকে মোবাইলে কল দিন।” তিনি আরও বলেন, “মোবাইলে বক্তব্য নিয়ে অনেক নিউজ প্রচার হচ্ছে।”

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন এস নাসির উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে অভিযোগের কপি পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এ সময় পুলিশ সুপারকে লিখিত অভিযোগের কপিও দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ,থানা,জমি নিয়ে প্রতারণা,কবিরহাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত