
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে 'খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি' প্রদান করা হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গতকাল রোববার উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন| বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন, ট্রাস্টফান্ডের দাতা ও বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন| ২০২২-২৩ শিক্ষাবর্ষে মো. আবু সাঈদ ও মুত্তাকী বিন আলীকে ২৪ হাজার ৯০৯ টাকা করে বৃত্তি প্রদান করা হয়| আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মো. মাহমুদুল হক মিলু ও মিথুন ভৌমিককে ২৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়| সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি