
হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো-২০২৬ আয়োজনের মধ্য দিয়ে ব্লু বার্ড ইভেন্টসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল বি.কে কর্পোরেট সল্যুশন। সম্প্রতি ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবারেরমতো বাংলাদেশে আসেন ফিলিপাইনের তারকা হেয়ার এক্সপার্ট অ্যাঞ্জেলো জাস্টিন; যিনি ১৯৯৪ সালে মিস ইউনিভার্স জয়ী সুস্মিতা সেনের অফিসিয়াল হেয়ার স্টাইলিস্ট ছিলেন। এ ছাড়া অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডগুলোর প্রশিক্ষণ বিশেষজ্ঞ নাকরিন ও বাংলাদেশের হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। তারা সারাদেশ থেকে আসা প্রায় ৩০০ শিক্ষার্থীকে দিনব্যাপী প্রশিক্ষন দেন। ফ্যাশন শো, নাচ আর গুণীজন সংবর্ধনার মাধ্যমে সন্ধ্যার পুরো আয়োজন ছিল অনন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। এ ছাড়া মাকে নিয়ে উপস্থিত ছিলেন আয়োজক সুমাইয়া নূর নীলিমা।
এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি পেশাজীবীদের মধ্যে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করেন আয়োজকরা। আয়োজনের ব্রাইডাল থিমের ফ্যাশন কিউতে শো স্টপার ছিলেন ব্লু বার্ড ইভেন্টসের শুভেচ্ছাদূত বুশরা কবির। ইমু হাশমির কোরিওগ্রাফিতে বৈচিত্র্যময় 'ফ্লাওয়ার পাওয়ার' থিমে শো স্টপার হয়ে মঞ্চ আলোকিত করেন তানজিয়া জামান মিথিলা। পুরো শোয়ের হেয়ার স্টাইলের দায়িত্বে ছিলেন কাজী কামরুল ইসলাম। মেহাজাবীন চৌধুরীর জমকালো নৃত্য দিয়ে শেষ হয় আয়োজন।