
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় আছে। তবে তা চলতি অর্থবছরের লক্ষ্য সাড়ে ৭ শতাংশের বেশি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৩১ জুলাই ২১ মাস পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তখন ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয়েছিল ৯ দশমিক ৫০ শতাংশে। তা এখন বহাল থাকবে। বৈঠকে দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর কমিটি উল্লেখ করে যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বরের শেষের দিকে দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে। এমতাবস্থায় মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মূল্যস্ফীতির ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ধাক্কার প্রভাব পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নীতি সুদহারে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত বহাল রেখেছে কমিটি।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমপিসির সদস্য ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ মোস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন। এতে অংশ নেন বৈঠকের সদস্যসচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার।