
কোনো মৌলিক কারণ ছাড়াই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের দামে আবারও অস্বাভাবিক উত্থান দেখা দিয়েছে। মাত্র আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। গত বুধবার লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ২৭৩ টাকা।
ওরিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশনের শেয়ারের এই অস্বাভাবিক উত্থানের পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য রয়েছে কি না, তা জানতে গত মঙ্গলবার কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই। জবাবে কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। ওরিয়ন ইনফিউশনের শেয়ারের এই উত্থান এমন সময়ে ঘটছে, যখন দেশের অনেক ব্লু-চিপ কোম্পানির শেয়ারই ক্রেতা আকর্ষণে হিমশিম খাচ্ছে। জ্বালানি সংকট এবং সামগ্রিক বাজারে দুর্বল বিনিয়োগকারীদের মনোভাবের মধ্যে পুঁজিবাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গত বুধবার লেনদেন শেষে অরিয়ন ইনফিউশনের শেয়ারের মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে ১৪৪। বিপরীতে ডিএসইর সামগ্রিক বাজারের পিই রেশিও ছিল প্রায় ৯। অর্থাৎ সামগ্রিক বাজারের তুলনায় কোম্পানিটির শেয়ার অত্যন্ত উচ্চ মূল্যায়নে লেনদেন হচ্ছে। এ ধরনের অস্বাভাবিক উচ্চ মূল্যায়ন বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে খুচরা বিনিয়োগকারীরা শেয়ারের দাম বিপরীত দিকে দ্রুত ঘুরে গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন। এর মধ্যে কোম্পানিটির ব্যবসায়িক ফলাফলও শেয়ারের সাম্প্রতিক উত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চলতি বছরের মার্চে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে ওরিয়ন ইনফিউশনের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ কমে ৫৫ লাখ টাকায় নেমে এসেছে।