
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়া কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী শিক্ষার্থী মো. আলামিন হোসেনের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। আলামিন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক আলেফ আলীর বড় সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার শিক্ষাজীবন অব্যাহত রাখা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আলামিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহায়তার উদ্যোগ গ্রহণ করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি