
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিঠু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আলামিন নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহত দুজনই দর্শনার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদার লোকনাথপুর টু পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিঠু ও আলামিন মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে যাওয়ার সময় পোল্ট্রি ফার্মের মোড়ে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গাছের সঙ্গে তীব্র ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিঠু মারা যান। নিহত মিঠু দর্শনার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার এনামুল হকের ছেলে। তার মাতার নাম সালেহা বেগম। অপরদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলামিন গুরুতর আহত হয়েছেন। তিনি দর্শনার নান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।