ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নকল সয়াবিন তেল কারখানায় অভিযান

নকল সয়াবিন তেল কারখানায় অভিযান

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল, খালি বোতল, তেল তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় অভিযুক্তের দোতলা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। জানা গেছে, মশিউর রহমানের পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় খুচরা ও পাইকারি গালামাল দোকান রয়েছে।

তিনি তার ব্যবসার আড়ালে দোকানের পিছনে তার নিজ বাসায় দীর্ঘদিন থেকে নকল সয়াবিন তৈরি ও বাজারজাত করে আসছিলেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান তাহসিন।

এসময় তার দোতলা বাড়ির নিচতলার তিন রুম ভর্তি নকল আনুমানিক ৫০-৬০ কার্টুন সয়াবিন তেল, তেল তৈরির উপকরণ, খালি বোতল, সরঞ্জাম, নকল লেবেল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় জব্দকৃত কিছু মালামাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযোগ রয়েছে প্রশাসনের সামনেই অভিযুক্ত ব্যবসায়ী ১০-১২ ব্যারেল তেল সরিয়ে নেন। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান তাহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অভিযুক্তের বাড়িতে পরিচালনা করে নকল সয়াবিন তেল, তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযুক্তকে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে তেল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সেখানে জড়ো হওয়া উৎসুক জনতার কেউ কেই তাদের অগোচরে হয়তো কিছু তেল নিয়ে যেতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত