ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কলেজছাত্র নাঈম হত্যা, চারজনের মৃত্যুদণ্ড

কলেজছাত্র নাঈম হত্যা, চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— নুরুল ইসলাম, সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক।

মামলার বিবরণে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাসায় ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় চাঁদা নিতে আসামি নুরুল ইসলাম ও অন্যান্য আসামি প্রবেশ করেন। এ সময় তারা নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া ও মা শামসুন নাহারকে গালাগালি ও মারধর শুরু করেন। নাঈম ঘটনা থামাতে এগিয়ে গেলে আসামিরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে নাঈমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার দুদিন পর, ৯ নভেম্বর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৬৮(১) ধারার বিধান অনুযায়ী চার আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত