ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিদ্যুৎ খাতে অর্থায়ন

বাংলাদেশ-চায়না এক্সিম ব্যাংকের আলোচনা

বাংলাদেশ-চায়না এক্সিম ব্যাংকের আলোচনা

দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চায়না এক্সিম ব্যাংক। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ, জাতীয় গ্রিডে আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা চালু এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন বিদ্যুৎ নেটওয়ার্ক উন্নয়নে অর্থায়ন দ্রুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, সরকারি-বেসরকারি পর্যায়ের পরিবর্তে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং ডিপিডিসির আওতাধীন বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অর্থায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়টিও গুরুত্ব পায়। বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। পায়রা বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়নের বিষয়টি বিবেচনার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৬-এর আওতায় পরিচ্ছন্ন জ্বালানিতে বাংলাদেশের রূপান্তরের প্রসঙ্গ তুলে ধরে তিনি ভবিষ্যৎ প্রকল্পগুলোর অর্থায়ন দ্রুত করার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত