
দেশের শেয়ারবাজারে দরপতন চলছেই। একই সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। লেনদেন কমতে কমতে তিনশ কোটি টাকার ঘরে নেমে এসেছে। ফলে লোকসানের পাল্লা ভারী হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের হতাশাও বাড়ছে। রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান নাম লেখানোর পাশাপাশি কমেছে মূল্যসূচক। একই সঙ্গে ডিএসইতে লেনদেন হয়েছে তিনশ কোটি টাকার কিছু বেশি। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে লেনদেন তিনশ কোটি টাকার ঘরে থাকলো। চলতি বছরে এই প্রথম দুই কার্যদিবস লেনদেন তিনশ কোটি টাকার ঘরে থাকার ঘটনা ঘটলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে। ফলে কমেছে মূল্যসূচক। তবে বাজারটিতে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে আধাঘণ্টার বেশি সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকেনি। বরং প্রথম আধাঘণ্টার লেনদেন পার হওয়ার পর লেনদেনের পুরো সময়জুড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার প্রবণতা চলতে থাকে। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়। এর মাধ্যমে চলতি সপ্তাহে লেনদেন হওয়া দুই কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ২১৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এছাড়া ৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে।