ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দুই সিদ্ধান্তে গতি ফিরছে পুঁজিবাজারে

দুই সিদ্ধান্তে গতি ফিরছে পুঁজিবাজারে

বন্ধ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু এবং পুঁজিবাজারে বিনিয়োগে ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও লেনদেনে বাড়তি গতি দেখা যাচ্ছে। এরই মধ্যে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের এসব উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং বাজারে তারল্য বাড়াতে সহায়ক হবে।

পুঁজিবাজারে চলছিল দরপতন ও লেনদেনের নিম্নগতি। এতে তৈরি হয় আস্থার সংকট। এ পরিস্থিতিতে নেওয়া দুটি সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। বিশেষ করে বন্ধ বিও হিসাব পুনরায় চালুর উদ্যোগের খবর প্রকাশের পর বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৪৫০ কোটি ৭ লাখ ৭৭ হাজার টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে এ পরিমাণ ছিল ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, সাম্প্রতিক বাজারের উত্থানে বন্ধ বিও হিসাব চালুর প্রত্যাশা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবে ভূমিকা রেখেছে। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী হিসাবগুলো পুনরায় চালু হলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং লেনদেন বাড়বে।

নুজহাত আনোয়ার আরও বলেন, এরইমধ্যে সাম্প্রতিক সময়ে বাজারে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ কোটি টাকার লেনদেন হতো, এখন তা ৫০০ কোটি টাকার ওপরে উঠেছে। লেনদেনের এ বৃদ্ধি পুঁজিবাজারের জন্য ইতিবাচক সংকেত। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পর লেনদেন বাড়াকে এসব উদ্যোগের পরোক্ষ ইতিবাচক ফল হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন ও লেনদেনের নিম্নগতির মধ্যে এ দুটি সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। এর ফলে বাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়ছে। তিনি বলেন, বন্ধ বিও হিসাবগুলোর সব কটি পুনরায় চালু করা হলে পুঁজিবাজারে লেনদেন আরও বাড়বে। পাশাপাশি ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে বিক্রির চাপ কমেছে। এটি সূচকের উত্থানে ভূমিকা রেখেছে।

বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৬১৭টি বিও হিসাব দীর্ঘদিন আগে স্থগিত করা হয়েছিল। এসব হিসাব পুনরায় চালুর উদ্যোগ হিসেবে গত ২০ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আবেদনে আইনগত বা নিয়ন্ত্রক সংস্থার কোনো নিষেধাজ্ঞা না থাকলে হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি হিসাবগুলো সচল করার সিদ্ধান্ত নেয়।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থগিত হিসাবগুলোর একটি বড় অংশ বড় বিনিয়োগকারীদের। ফলে এসব হিসাব সচল হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা আবারও শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেন। এতে বাজারে বিনিয়োগ, লেনদেন ও তারল্য বাড়ার সুযোগ তৈরি হবে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বিনিয়োগকারীরা ফিরলে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে এর প্রকৃত সুফল নির্ভর করবে হিসাবধারীরা কতটা নতুন করে বিনিয়োগে সক্রিয় হন, তার ওপর।

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে নেওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ব্যাংকগুলোর বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো। এর ফলে ব্যাংকগুলো এসব তহবিল ব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আরও সময় পাচ্ছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংকগুলো পুঁজিবাজারের অন্যতম বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এ খাতে তাদের অংশগ্রহণ বাড়লে বাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়বে। বিশেষ করে দরপতনের সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ শেয়ার বিক্রির চাপ সামাল দিতে সহায়তা করে। তবে এ উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে ব্যাংকগুলো বাস্তবে কতটা তহবিল ব্যবহার করছে এবং কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করছে, তার ওপর। শুধু মেয়াদ বাড়ানোই যথেষ্ট নয়, তহবিলের কার্যকর ব্যবহারও নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আনোয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আজম খান বলেন, দীর্ঘদিনের আস্থার সংকট, লেনদেনের নিম্নগতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সীমাবদ্ধতা পুঁজিবাজারের বিকাশে বাধা সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে বন্ধ বিও হিসাব চালু এবং ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তবে পুঁজিবাজারের টেকসই উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তার মতে, ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, কারসাজি প্রতিরোধ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো ও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম অব্যাহত রাখাও জরুরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত