ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে?

ইয়াসিন আহমদ
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে?

জামাতে নামাজ আদায় করার সময় নামাজির সামনে দিয়ে যাওয়ার সুযোগ থাকে না। জামাতের নামাজ শেষ হওয়ার পর প্রায় মুসল্লি মসজিদে সুন্নত ও নফল নামাজ পড়েন। এ অবস্থায় নামাজির সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দেয় কখনও। তখন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে? নামাজির সামনে দিয়ে অতিক্রম করতে হাদিসে নিষেধ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নামাজির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত, এতে তার জান্য কী অপেক্ষা করছে, তাহলে ৪০ পর্যন্ত ঠাঁয় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করত।’ আবুন নাজর (রহ.) বলেন, ‘আমার জানা নেই- হাদিসে চল্লিশের অর্থ কী; ৪০ দিন, ৪০ মাস নাকি ৪০ বছর।’ (আবু দাউদ : ৭০১)।

প্রয়োজনে যাওয়া যাবে?

প্রয়োজনে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা যাবে। সেক্ষেত্রে সুতরার ব্যবস্থা করতে হবে। সুতরা হলো এক হাত বা এর চেয়ে দীর্ঘ কোনো বস্তু। চেয়ার, টুল, কাঠ বা প্লাস্টিকের স্ট্যান্ড সুতরা হিসেবে ব্যবহার করা যায়। সুতরা নামাজির সামনে দাঁড় করিয়ে রাখতে হবে। নামাজ আদায়কারীর উচিত, মসজিদে নামাজ পড়াকালে নিজের সামনে সুতরা ব্যবহার করা। আওন ইবনে আবু জুহাইফা (রহ.) বলেন, ‘আমি বাবার কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, একবার দুপুরে আমাদের সামনে আল্লাহর রাসুল (সা.) আসলেন। তাকে অজুর পানি দেওয়া হলো। অজু করে আমাদের নিয়ে জোহর ও আসর নামাজ পড়লেন। নামাজের সময় তাঁর সামনে ছিল বল্লম, এর বাইরের দিক দিয়ে নারী ও গাধা চলাচল করত।’ (বোখারি : ৪৬৯)।

সুতরা ছাড়া নামাজির সামনে দিয়ে অতিক্রম করা যায়?

নামাজির সামনে যদি সুতরা না থাকে এবং মসজিদ বেশ বড় ও অনেক প্রশস্ত হয়, তাহলে নামাজি ব্যক্তির দুই কাতার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া এভাবে অতিক্রম করা ঠিক নয়। (আল-মাবসুত, সারাখসি, খণ্ড : ১, পৃষ্ঠা : ১৯২)।

নামাজির সামনে বসা থাকা ব্যক্তি যেতে পারবে?

প্রয়োজনে নামাজির সামনে উপস্থিত ব্যক্তি ডানে বা বামে সরে যেতে পারবে। কারণ, সামনে থেকে সরে যাওয়া অতিক্রমের অন্তর্ভুক্ত নয়। আয়েশা (রা.) বলেন, ‘আমি নবী (সা.)-কে দেখেছি, তিনি নামাজ আদায় করছেন। আমি তাঁর ও কিবলার মধ্যে খাটে শুয়ে থাকতাম। কোনো কোনো সময় আমার বের হওয়ার দরকার হতো। কিন্তু আমি তার সামনে দিয়ে যেতে অপছন্দ করতাম। তাই আমি চুপে চুপে সরে পড়তাম।’ (বোখারি : ৫১১)।

সুতরা কি, সুতরার পরিমাণ কতটুকু?

নামাজির সামনে দিয়ে মানুষের যাতায়াতের সম্ভাবনা থাকলে নামাজের শুরুতে সুতরা রেখে নামাজ শুরু করা সুন্নত। সুতরা সর্বনিম্ন এক হাত হতে হবে। রাসুলুল্লাহ (সা.)-কে সুতরার পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন, ‘হাওদার লাঠির মতো।’ এর ব্যাখ্যায় হজরত আতা (রহ.) বলেন, হাওদার লাঠির দৈর্ঘ হলো, এক হাত বা এর চেয়ে একটু বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত