
সমালোচকদের একহাত নিলেন নেইমার। সান্তোসের হয়ে জোড়া গোল করে দীর্ঘ দিনের গোল খরা কাটিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত বৃহস্পতিবার ব্রাজিলেইরাওয়ের চতুর্থ রাউন্ডে তার জোড়া গোলে ২-১ ব্যবধানে ভাস্কো দা গামাকে হারিয়েছে সান্তোস। নেইমার সর্বশেষ গোল করেছিলেন ২০২৫ সালের ডিসেম্বরে। ম্যাচের পর অবশ্য সমালোচকদের জবাবও দেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নেইমার বলেন, ‘গত সপ্তাহে বলা হয়েছিল, আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ দুটি গোল করেছি। এটাই ফুটবল। একদিন বলা হয় তুমি আর ভালো নও বা অবসর নিয়ে ফেলেছ, পরদিনই বলা হয় তোমাকে বিশ্বকাপে যেতেই হবে।’
বিশ্বকাপে ফিরতে সর্বোচ্চ চেষ্টাই করছেন নেইমার নিজেই বলেছেন, ‘নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছি, যেন সেরা ফিটনেসে ফিরতে পারি। এটা ছিল এ বছরের তৃতীয় ম্যাচ এবং পুরো ৯০ মিনিট খেলা দ্বিতীয় ম্যাচ। শেষ দিকে কিছুটা ক্র্যাম্প অনুভব করেছি, তবে এটা প্রক্রিয়ারই অংশ।’ ২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফিরেছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একাধিকবার জানিয়েছেন, ফিট থাকলে বিশ্বকাপ দলে বিবেচনায় থাকবেন তিনি।
নেইমার ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উদ্?যাপন করেন। উদযাপন করতে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের নাচের অনুকরণ করেন তিনি। যেমনটা বেনফিকার বিপক্ষে রিয়ালের হয়ে করেছিলেন। ম্যাচটাতে বিরতির আগে সমতা ফেরায় ভাস্কো দা গামা। তবে দ্বিতীয়ার্ধে আবারও গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন নেইমার।