ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন খই খই মারমা

কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন খই খই মারমা

বাংলাদেশ টেবিল টেনিসের অনূর্ধ্ব-১৯ বালিকা ও নারী বিভাগে ডবল ক্রাউনধারী এক নম্বর খেলোয়াড় খই খই সাই মারমাকে সম্মাননা প্রদান করেছে লন্ডনভিত্তিক সংস্থা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। দেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি হয়েও বালিকা বয়সে সিনিয়র বিভাগে অংশ নিয়ে ইসলামিক সলেডিরাটি গেমস ২০২৫ এ মিশ্র দ্বৈতে রৌপ্যপদক জয় করায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। গত শনিবার বিকেলে রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেল এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক খই খই সাই মারমার হাতে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’-এর সম্মাননা স্মারক ও এক লাখ টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি আবু নাসের শেখ ও সাধারণ সম্পাদক সরফরাজ শাপুসহ ক্রীড়া অঙ্গন সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে সাবেক ও বর্তমান সফল তারকাদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে সাতটি ডিসিপ্লিনে মোট নয়জন কৃতী ক্রীড়াবিদকে এ বছর এই পুরস্কার প্রদান করা হয়। অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আফজাল আহমেদ (ফুটবল), হাবিবুল বাশার সুমন ও মারুফা আক্তার (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি), আল আমিন জুমার (ব্যাডমিন্টন) ও সাগর ইসলাম (আর্চারি)। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

রাঙামাটির রাজস্থলী উপজেলার চুশাকপাড়া গ্রাামের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা খই খইয়ের টেবিল টেনিসে হাতেখড়ি বান্দরবনের লামায় অবস্থিত কোয়ান্টাম স্কুলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত