
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার
ফিনালিস্সিমা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। তবে ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ উয়েফা। দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হওয়ার কথা। মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতায় ম্যাচটি কোথায় হবে, আদৌ হবে কি না, সে বিষয়ে আগামী সপ্তাহের শেষ দিকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে উয়েফা।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহন হন। নিজেদের দেশে আক্রমণে জবাব দিচ্ছে ইরানও। ইসরায়েলে হামলা চালাচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা, এর মধ্যে আছে কাতারও। যুদ্ধাবস্থায় নিজেদের দেশের সব ধরনের ফুটবল বন্ধ ঘোষণা করেছে কাতার। আর তাতে আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিস্সিমা ম্যাচটি কাতারে আয়োজন করা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা।
ফিনালিস্সিমা আয়োজনের জন্য প্রচুর বিনিয়োগও করেছে কাতার। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে লেখেছে, দোহায় ম্যাচটি আয়োজনের সব ধরনের চেষ্টা চালাচ্ছে তারা। রয়টার্সকে পাঠানো বিবৃতিতে উয়েফা বলেছে, ‘স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে, যারা ম্যাচটি সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ দিকে নেওয়া যাবে, এমনটাই আশা করা হচ্ছে। এই মুহূর্তে বিকল্প কোনো ভেন্যু বিবেচনা করা হচ্ছে না।’ সূত্রের বরাত দিয়ে রয়টার্স লেখেছে, কাতার থেকে সরে গেলে ভেন্যু হিসেবে পছন্দের তালিকায় আছে লন্ডন। আবার স্প্যানিশ গণমাধ্যমের খবর, রোম ও মিলানকেও বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে।