ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রোজার মধ্যেই সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

রোজার মধ্যেই সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

পবিত্র মাহে রমজানের মাঝেই ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ খেলতে গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ মার্চ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। পাকিস্তান দলের কোচিং স্টাফরা অবশ্য একদিন আগেই ঢাকায় পৌঁছেছেন।

এর আগে, শনিবার শ্রীলঙ্কা থেকে সরাসরি ঢাকায় আসেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন। পরদিন ক্রিকেটারদের একটি বহর ঢাকায় আসে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও সাহিবজাদা ফারহানসহ অন্য ক্রিকেটাররা এই সফরে অংশ নিচ্ছেন। বাংলাদেশ সফরের জন্য ৪ মার্চ ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করেছে পাকিস্তান দল। এই সিরিজটি বিশেষ গুরুত্ব বহন করছে কারণ প্রায় ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে এসেছে পাকিস্তান। সবশেষ ২০১৫ সালের এপ্রিলে এদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। সেই সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিল বাংলাদেশ।

তবে সামগ্রিক পরিসংখ্যানে পাকিস্তানেরই আধিপত্য রয়েছে। এখন পর্যন্ত দুই দল ৩৯টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৪টি ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যও রয়েছে দুই দলের সামনে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত