
অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে হতাশাজনকভাবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এমন বড় ব্যবধানে হারের পর দলের প্রধান কোচ পিটার বাটলার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। গতকাল সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ বলেছেন, ‘আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবব। আমি কী করতে চাই, সেটি অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছে।’
চার গোলে হারের ব্যাখ্যা দিতে গিয়ে বাটলার বলেছেন, ‘আমরা আসলে খারাপ ফুটবল খেলিনি। অনেক সময়ই ভালো ফুটবল খেলেছি। কিন্তু যখন আপনি এমন একটি দলের বিপক্ষে খেলবেন, যারা ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৬০-৭০ ধাপ এগিয়ে এবং শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী, তখন পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। তারা ম্যাচ বিশ্লেষণের জন্য টিভি ক্যামেরা ও ভিডিও সরঞ্জাম নিয়ে আসে, যা আমাদের নেই। আমাদের সেই সুবিধা নেই। অনেক সময় মনে হয়, যেন একজন বক্সার এক হাত পেছনে বেঁধে রেখে লড়াই করতে নেমেছে।’
দ্বিতীয়ার্ধে তিন গোল হজম নিয়ে বাংলাদেশ কোচের কথা, ‘আমার মনে হয়েছে দ্বিতীয়ার্ধে আমাদের রক্ষণভাগ বেশ দুর্বল ছিল। সত্যি বলতে, এক বা দুজন খেলোয়াড় যেন হাল ছেড়ে দিয়েছিল। বিষয়টি আমাকে হতাশ করেছে।’ দলের উন্নতির জন্য কী করা প্রয়োজন- সেটিও তুলে ধরেন বাটলার। তিনি বলেছেন, ‘সবার আগে আমাদের বিনিয়োগ দরকার। ভিডিও ইকুইপমেন্ট ও ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আপনি যদি বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে বুঝতে হবে- সাফের তুলনায় এই পর্যায়ের ফুটবল অনেক বেশি কঠিন। সাফে আপনি আসলে সেভাবে পরীক্ষিত হন না।’